শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
দি নিউজ লায়ন; বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের। গাইঘাটা থানায় শান্তনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মধুপর্না। তাঁর অভিযোগ রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েছেন শান্তনু। অ্যাসিড হামলা করে তাকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গোটা ঘটনার সূত্রপাত মতুয়াদের বারুনির মেলা নিয়ে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রয়াত বড় মা বিনাপানী দেবীর পুত্রবধু মমতাবালা ঠাকুর মঙ্গলবার জানান, করোনা সংক্রমনের জেরে চলতি বছর মেলা বন্ধ রাখা হবে।
যেহেতু গাইঘাটা এলাকায় বেশ কিছু মানুষ করোনা সংক্রমিত হয়েছেন তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মেলায় শুধু বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু মানুষ যোগদান করেন। মতুয়াদের এটা খুব বড় উৎসব কিন্তু করোনা পরিস্থিতিতে একাধিক বিধি-নিষেধ থাকায় দেশের বাইরে থেকে বা ভিন রাজ্য থেকে মতুয়া সমাজের মানুষ যোগ দিতে পারবেন না এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে তাই চলতি বছর মেলা বন্ধ রাখা হোক যদিও মমতাবালার সিদ্ধান্তের বিরোধিতা করেন বিজেপি সাংসদ শান্তনু।
তিনি জানিয়ে দেন করোনা পরিস্থিতি থাকলেও মেলা বন্ধ রাখা যাবে না। এই নিয়ে ঠাকুরবাড়ির দুই সদস্যের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। এরপর বুধবার মমতা বালার মেয়ে মধুপর্না অভিযোগ করেন, কার্যত গায়ের জোরে মেলা করতে চাইছেন শান্তনু ঠাকুর এমনকি কেন মেলা বন্ধ করা হচ্ছে সেই নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলছেন তিনি। তাঁকে অ্যাসিড হামলার হুমকি দেয়া হচ্ছে এমনকি খুনের হুমকি দেয়া হয়েছে। গোটা বিষয়টি জানিয়ে এদিন গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে মেলা নিয়ে বিজেপি সাংসদের গা জোয়ারিতে তীব্র অসন্তোষ মতুয়া ঠাকুরবাড়িতে।

Post a Comment