হাওড়ার শালিমারে স্থানীয় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা - The News Lion

হাওড়ার শালিমারে স্থানীয় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা

 


দি নিউজ লায়ন;   ভোট মিটতেই ফের অশান্ত হাওড়ার শালিমার। এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা। জানা গেছে, মঙ্গলবার রাতে শালিমার ৫ নং গেটে ঘটনাটি ঘটে। দুষ্কৃতিরা বাইকে করে এসেছিল। তৃণমূল কর্মী ভোলা রায়কে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। ভোলাবাবুর গায়ে দুটি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা রায় এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন। ওই  ঘটনায় শালিমারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ঘটনার পর দুষ্কৃতীদের বাড়ি ও দোকানেও ব্যাপক ভাঙচুর হয়। অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকেও। 


ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। উল্লেখ্য, মাস তিনেক আগেও ওই এলাকায় খুন হন ধর্মেন্দ্র সিং নামে এক ইমারত ব্যবসায়ী। তিনিও এলাকার তৃণমূল যুব নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সেই খুনের সঙ্গে এই গুলি চালানোর কোনও যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে শালিমার ৫ নম্বর গেট লালকুঠির সামনে। ভোলা রায় নামের স্থানীয় ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত গত বছর ২৯ ডিসেম্বর হাওড়া শালিমারে দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিং এর। আহত হন তারই মোটর বাইকের পিছনে বসে থাকা সঙ্গী ভোলা রায়ের। 


গত বছর ডিসেম্বর মাসের ২৯ তারিখের এই ঘটনায় হাওড়া সিটি পুলিশ ও বি.গার্ডেন থানার পুলিশ তৎপরতার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে বর্ধমান, ডানকুনি ও হুগলি থেকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে প্রমোটিং এবং জমি  সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছিল। এর প্রায় সাড়ে তিন মাস পর ফের গুলিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া শালিমার এলাকায়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। এদিকে, হাওড়ার শালিমারে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টা প্রসঙ্গে দলের সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, এর আগে শালিমারে ধর্মেন্দ্র সিং খুন হয়েছিলেন।  


তারপর কয়েকদিনের মধ্যে ভোলা রায়কে খুনের চেষ্টা করা হল।   এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি দলের সক্রিয় কর্মী ছিলেন।  সিকিউরিটির কাজ করতেন। তার পাশাপাশি দলের কাজও করতেন।  তাকে চক্রান্ত করে গুলি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। তারাই ব্যবস্থা নেবে। পুলিশ অবিলম্বে যাতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এটাই পুলিশকে বলা হয়েছে। এই গুলিকান্ডের পর এলাকায় ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে অরূপ রায় বলেন, ভালো লোকেদের উপর আক্রমণ করলে সাধারণ মানুষ রেগেই যায়। এটা মানুষের ক্ষোভ। অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল জানান, ঘটনার তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.