ইসরায়েলে পদপৃষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু
দি নিউজ লায়ন; ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। ইসরায়েলের ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন মারা গেছে - সেটির হিসেব দেয়নি। ইসরায়েলের সংবাদপত্র হারেটস্ জানিয়েছে, এই ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে 'বড় বিপর্যয়' হিসেবে বর্ণনা করেছেন।
মেরন পর্বতের পাদদেশে লাগ বি'ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৮ জনের অবস্থা সংকটাপন্ন। টুইটারে এক বার্তায় জরুরি সেবা বিভাগ বলছে, আহতদের উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথম দিকে মনে হয়েছিল, উৎসবস্থলে কোন স্থাপনা ভেঙ্গে এই ঘটনা ঘটেছে।
কিন্তু পরবর্তীতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সেখানে পদদলিত হবার ঘটনা ঘটেছে। পুলিশের সূত্রগুলো হারেটস্ পত্রিকাকে জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাবার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের উপর আরো অনেকে এসে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, "এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের উপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়।"

Post a Comment