পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছেন ৩৮ জন
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছেন ৩৮ জন। তবে কোন মৃত্যু’র খবর নেই। মেদিনীপুরে ১১ জন, খড়্গপুরে ১৪ জন (রেল, আইআইটি সহ), ডেবরাতে ৪ (হাইপাথ ৩, লোয়াদা ১) জন, শালবনীতে ২ (CRPF ক্যাম্প ও চকতারিনী) জন, গড়বেতায় ১ জন, ক্ষীরপাই ১ জন, দাঁতনে ১ জন সহ মোট ৩৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।
এদিকে, গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১৯৬ (২২, ৩৫, ১১, ৩০, ৪২, ১৮, ৩৮) জন। আর করোনার সংক্রমণ বাড়ার সাথে সাথেই পশ্চিম মেদিনীপুর জেলায় ভ্যাকসিন নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বা চাহিদাও বাড়ছে! শনিবার জেলায় মোট করোনা ভ্যাকসিন নিয়েছেন ১৫৭৫৮ জন (Covishield 13658, Covaxin 2100)। পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “ভ্যাকসিনের প্রতি মানুষের উৎসাহ বাড়ছে।
চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাঠানোর কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” তবে, শুধু ভ্যাকসিন নয়, সাধারণ মানুষকে অবিলম্বে সতর্ক থাকার বার্তাও দেওয়া হচ্ছে জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কিন্তু, আপাতত এসব সতর্কবার্তা উপেক্ষা করেই, চড়ক-গাজন আর রামনবমী’তে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে শহরবাসী। যার ফলে করোনা সংক্রমণ আরো বাড়ার আশংকা দেখা দিয়েছে।

Post a Comment