এটিএমের তথ্য ও ওটিপি জেনে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ এটিএমের তথ্য ও ওটিপি জেনে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। অভিযোগ পেয়ে মামলা রুজু করেছে থানা। কাটোয়া থানার করুই গ্রামের বাসিন্দা চিরঞ্জীব অধিকারী বর্ধমান থানার পালিতপুরে একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করেন। দিনকয়েক আগে বিকাল সাড়ে ৪টে নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে।
সেই সময় তিনি কর্মস্থলে ছিলেন। তাঁর নাম ও অ্যাকাউন্ট নম্বর বলে দেয় প্রতারক। এতে তাঁর বিশ্বাস জন্মায়। এরপর প্রতারক তাঁকে বলে, তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ৭ হাজার ৫০০ টাকা কেটে নেওয়া হয়েছে। সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সে। এরপর তাঁর কাছে এটিএমের তথ্য জানতে চায়। তিনি তা বলে দেন। এরপর তাঁর মোবাইলে আসা ওটিপিও তিনি প্রতারককে বলে দেন।
এরপর তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ বারে ১ লক্ষ ৪৮ হাজার টাকা উঠে যায়। তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাংক থেকে তাঁকে পুলিসে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। সেইমতো তিনি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ হওয়ার কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। প্রতারকের হদিশ পেতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।

Post a Comment