গলসি থানার রাইপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক প্রৌঢ় সহ দু’জন গ্রেপ্তার
দি নিউজ লায়ন; গলসি থানার রাইপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক প্রৌঢ় সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম আলিম মণ্ডল ও সুকুর মণ্ডল। রাইপুরেই তাদের বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে গলসি থানায় আরও একটি কেস রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বোমার উৎস জানতে এবং কারবারে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতদের ৩ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম।
পুলিস জানিয়েছে, মঙ্গলবার সকালে রাইপুর গ্রামে শিশু শিক্ষা কেন্দ্র থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় গাঁথনির ইট ও বালি অনেক দূরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরের বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে আধপোড়া সূতলি, বারুদের গন্ধযুক্ত পাথরের টুকরো ও প্লাস্টিক উদ্ধার করেছে পুলিস। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিস।

Post a Comment