স্ত্রীকে গলা টিপে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়ন; স্ত্রীকে গলা টিপে মেরে ফেলার চেষ্টার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতের নাম অসীম কর্মকার। হুগলির তারকেশ্বর থানার তেঘড়ি কালীতলায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, কয়েক মাস আগে জামালপুর থানার নবগ্রামের অসিতা কর্মকারের সঙ্গে অসীমের বিয়ে হয়। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়। তা সত্বেও বিয়ের একমাস পর অসিতাকে বাপেরবাড়ি থেকে আরও ২ লক্ষ টাকা আনার জন্য বলা হয়। তা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়।
সেখানে তাঁকে মাঝেমধ্যেই মারধর করা হত। অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাপেরবাড়িতে চলে যান। মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে অসীম মারধর করে বলে অভিযোগ। স্ত্রীকে গলা টিপে ধরে দেওয়ালে মাথা ঠুকে দেয় সে। অসিতার গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন এলে সে পালিয়ে যায়। ঘটনার কথা জানিয়ে অসিতা নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিস। তারপরই মঙ্গলবার রাতে জামালপুর থানার নবগ্রাম থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment