টিপ সই-এ নমিনেশন ফাইল, আইডি বিস্ফোরণে হাতের আঙ্গুল খোয়ানো মন্ত্রী জাকির হোসেনের
দি নিউজ লায়ন; ২০২১ এর নির্বাচনে সারা রাজ্যে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা এলাকা। চারিদিকে থিক থিক করছে সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। তার মধ্যেই এসএসকেএম হাসপাতালে ৮ সদস্যের মেডিকেল টিমের কাছ থেকে বিশেষ শংসাপত্র এনে বাম হাতে পুরোদস্তর স্ট্রেচারে করে শুয়ে কোনরকমে টিপসই দিয়ে জঙ্গিপুর মহকুমা শাসকের কার্যালয় মনোনয়নপত্র জমা করলেন নিমতিতা বিস্ফোরণকাণ্ডে ডান হাতের আঙ্গুল খোয়ানো রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই দিন তাঁর শারীরিক অবস্থা থেকে শুরু করে মনোনয়নপত্র জমা দেয়ার সংক্রান্ত নির্বাচন কমিশন এর যাবতীয় খুঁটিনাটি বিধি নিষেধ সমস্ত কিছু দেখার জন্য বিশেষ বিশেষজ্ঞ টিমও হাজির ছিল।
তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাইরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান থেকে শুরু করে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। এমনকি কংগ্রেসের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী মইনুল হকও উপস্থিত হন তৃণমূলের এই মন্ত্রী জাকির হোসেনকে সৌজন্য বিনিময় এর জন্য। কোনোভাবেই পুরোপুরি এখনো সুস্থ হননি জাকির। সারা শরীরে আঘাত আর ক্ষতচিহ্ন মজুত রয়েছে।দেহের বিভিন্ন অংশে ব্যাণ্ডেজ রয়েছে।
ডানহাতের দুটি আঙুল ইতিমধ্যেই বিস্ফোরণকাণ্ডে উড়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছে। সেই হাত নেড়ে তিনি কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানাতে কসুর করেননি। জাকিরের প্রচারপর্বের ক্ষেত্রে দলীয় নেতৃত্বকে সাহায্য করছেন জাকির হোসের ভাগনে রনি বিশ্বাস। তিনি বলছেন," মামা সারা বছর ধরে এলাকার মানুষের পাশে থাকেন,তাই মামার ভোটে জয়ী হওয়া ফ্যাক্টর নয়।তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি দরকার"। আর যাকে নিয়ে এত কথা সেই মন্ত্রী জাকির হোসেন এদিন মৃদু হেসে জানান," আমার সঙ্গে ভোটে লড়াই করার মত কোন প্রতিদ্বন্দ্বী নেই ডান বাম,বিজেপি কোন পক্ষেই।আমি জিতবো।মানুষ জেতাবে এটা বিশ্বাস আমার"।

Post a Comment