করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যার্থতা ঢাকতে মোদী সরকার তথ্য গোপন করছে, তোপ রাহুলের
দি নিউজ লায়ন; দেশজুড়ে করোনার সংক্রমণ এবং মৃত্যু নিয়ে কেন্দ্রের মোদী সরকার তথ্য গোপন করছে। এবারে এমন বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে রাহুল গান্ধী করোনার ভ্যাকসিনের দাম এবং করোনার টিকাকরণ নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। এবারে তিনি করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুললেন। রাহুল বলেন, দেশে করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যার্থতা ঢাকতে মোদী সরকার তথ্য গোপন করছে।
এমনকী করোনা আক্রান্ত হয়ে মৃতের আসল সংখ্যাও গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুল গান্ধীর অভিযোগ, করোনা মোকাবিলার ক্ষেত্রে মোদী সরকারের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে। রাহুল গান্ধী ট্যুইট করে কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াই করুন, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন না। রাহুলের অভিযোগ, মিথ্যে ভাবমূর্তি ধরে রাখতে অক্সিজেনের ঘাটতি থেকে করোনায় মৃতদেহের আসল তথ্য গোপন করছে ভারত সরকার।
রাহুলের মন্তব্যের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। রাহুল অভিযোগ তুলে বলেন, করোনা মহামারি নিয়ে কেন্দ্রীয় সরকার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। ওরা মহামারি নিয়ন্ত্রণ করতে না পেরে তথ্য নিয়ন্ত্রণ করছে। রাহুল গান্ধী মোদীর মন কি বাতেরও সমালোচনা করেন। তিনি বলেন, দেশজুড়ে করোনা মোকাবিলার ক্ষেত্রে সিস্টেম ফেল করেছে। এই সময় জন কি বাত শোনা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
একইসঙ্গে রাহুল গান্ধী দেশজুড়ে করোনা মোকাবিলার ক্ষেত্রে দলীয় কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে অনুরোধ রেখে বলেন, এই সময়ে দেশে সবথেকে বেশী করে প্রয়োজন সচেতন নাগরিকের। তাই এই কঠিন সময়ে আমি কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের কাছে অনুরোধ করবো, নিজেরা যথাসাধ্য মতো সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তাঁদের পাশে থাকুন।

Post a Comment