১৮ ঘণ্টা পর ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিহত বেড়ে ২৬
দি নিউজ লায়ন; ১৮ ঘণ্টা পর উদ্ধার হল বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি। বিআইডব্লিউটিএ পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আরও ২১ জনের মৃতদেহ।
পরিবারের লোকেরা মরদেহ শনাক্ত করছেন।সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ লঞ্চটি উদ্ধার করা হয়। এর আগে গত রাতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানিয়েছেন, পাঁচজনের লাশ উদ্ধারের পর আরও ২৮ জন নিখোঁজ ছিলেন বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। এরপর ২১ জনের মরদেহ পাওয়া যায়।
এদিকে লঞ্চডুবির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিআইডব্লিউটিএ, পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ৭ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

Post a Comment