পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, নাকাল সাধারণ মানুষ - The News Lion

পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, নাকাল সাধারণ মানুষ

 


দি নিউজ লায়ন;  ভ্যাকসিন পর্যাপ্ত না থাকার কারণে প্রথম ডোজ নেওয়ার পরেও দ্বিতীয় ডোজ নিতে পারছেন না হাওড়া জেলার প্রায় ৩ লক্ষ মানুষ। আর এই বিষয়টিকে মাথায় রেখে এবারে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দিকে বিশেষ নজর দিচ্ছে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বুধবার থেকে ভ্যাকসিনের ৭৫ শতাংশ দ্বিতীয় ডোজ হিসেবে এবং ২৫ শতাংশ প্রথম ডোজ হিসেবে দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিলেও সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ বাড়ায় সমস্যা দেখা দিয়েছে। আর পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।


রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার পুরনো রেকর্ড কে ভেঙে নতুন রেকর্ড করছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলাতে ও প্রতিদিন ৫০০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। আর এইসব মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর কে। এর পাশাপাশি জেলায় ভ্যাকসিন দেওয়ার হার আশানুরূপ না হওয়ায় চিন্তা আরো বাড়িয়ে তুলেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত জেলার প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হলেও মাত্র লাখ খানেক লোক ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। ফলে বাকি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় অনেকেই দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান আমরা স্থির করেছি তিন চতুর্থাংশ ভ্যাকসিন দ্বিতীয় ডোজ হিসাবে এবং এক-চতুর্থাংশ ভ্যাকসিন প্রথম ডোজ হিসেবে ব্যবহার করা হবে।


অন্যদিকে গতবারের তুলনায় এবারে সংক্রমণ বৃদ্ধির হার অনেকটাই বেশি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বাড়ছে। ফলে প্রতিদিন সকাল থেকেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে মানুষের লম্বা লাইন চোখে পড়ছে। যদিও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের অভিযোগ অধিকাংশ জায়গায় বলা হচ্ছে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন বেশি দেওয়া হবে আবার কোথাও বলা হচ্ছে প্রথম ডোজ এখন দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে তাদের ফিরে আসতে হচ্ছে। ভ্যাকসিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে অবিলম্বে ভ্যাকসিনের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.