করোনার পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গেল কেশপুর ব্লকের ঝাড়েশ্বর শিব মন্দির প্রাঙ্গনে বহু প্রাচীন মেলা
দি নিউজ লায়ন; অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম শিব মন্দির হল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার কানাশোল গ্রামের ঝাড়েশ্বর শিব মন্দির ।ওই মন্দিরে প্রতিবছর নীল ষষ্ঠীর দিন লক্ষ লক্ষ মানুষ শিবের মাথায় জল ঢালতে আসতো। সেইসঙ্গে নীল ষষ্ঠী থেকে শুরু হত ঐতিহাসিক মেলা। মেলা প্রাঙ্গণে হাজার তিনেক ব্যবসায়ী তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে বসতেন। আগে এক মাস ধরে মেলা হলেও বর্তমানে পনের দিন ধরে মেলা হতো। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করত মেলা কমিটি।
করোনা পরিস্থিতির জন্য গত বছরও মেলা হয়নি।গত বছর মেলা বন্ধ ছিল, অনেকেই আশা করেছিলেন এ বছর ঝাড়েশ্বর শিব মন্দির প্রাঙ্গণে মেলা বসবে। কিন্তু নির্বাচনের পর করোনা আক্রমণ এর সংখ্যা ক্রমশ বাড়ছে। যার ফলে মেলা কমিটির পক্ষ থেকে মাইকিং করে প্রচার করে মেলা বন্ধ থাকার কথা ও মন্দির প্রাঙ্গণে মানুষজনকে না আসার জন্য নিষেধ করা হয়। তাই ঐতিহাসিক মেলা এবছরও বন্ধ করে দেওয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়। সেইসঙ্গে মঙ্গলবার নীল ষষ্ঠীর দিন নিয়ম রক্ষার জন্য হাতে গোনা কয়েকজন মহিলা এসে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে পূজা দিয়েছেন।
পূজা কমিটির অন্যতম সদস্য ডাক্তার দিলীপ পান বলেন করোনা পরিস্থিতির জন্য এবছরও মেলা ও সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবছরই লক্ষাধিক মানুষ সামিল হতেন মেলা প্রাঙ্গণে। তাই সমস্ত দিক বিবেচনা করে মেলা ও সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।তিনি আরো বলেন যে মানুষের জীবন রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। তাই ঝাড়েশ্বর শিব মন্দির প্রাঙ্গণে সমস্ত ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেলা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার ও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয়েছে।

Post a Comment