চন্ডিপুরে সোহমকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান
দি নিউজ লায়নঃ দ্বিতীয় দফার ভোটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অভিযোগ পালটা অভিযোগ ঘিরে সরগরম বাংলা। একের পর এক জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য চন্ডিপুর। এদিন চন্ডিপুরে বুথ পরিদর্শনে গিয়ে সোহমকে জয় শ্রী রাম স্লোগান শুনতে হয়। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকের ঘটনা।
এদিন সকাল থেকেই চণ্ডীপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন সোহম। বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি।
স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান। গাড়ির খুব কাছে তারা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন সোহম। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তিনি।

Post a Comment