কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এবং সাধারণ মানুষের ওপর লাঠি চালানোর অভিযোগ লাভলি মৈত্র-এর
দি নিউজ লায়ন; সোনারপুর দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এবং সাধারণ মানুষের ওপর লাঠি চালানোর অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। এমনকি ভোট কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বের বাইরে বসে টিফিন করার সময় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা গিয়ে তাঁকে সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেন বলেও অভিযোগ। প্রতিবাদ করতে তারা মারমুখী হয় বলেও অভিযোগ করেন প্রার্থী লাভলি মৈত্র এবং রাজপুর সোনারপুর পুরসভার বিদায়ী পুরমাতা শান্তা সরকার।
শনিবার সকালে পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নবতারা স্কুলের সামনে বিজেপির বহিরাগত যুবকরা এসে ভিড় করছে বলে খবর পান প্রার্থী লাভলি মৈত্র। তিনি সেখানে গিয়ে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা ভোটারদের বুথে ঢুকে প্রভাবিত করছে। এমনকি কমল অর্থাৎ পদ্ম চিহ্নে ভোট দেওয়ার কথা বলছে। তিনি তার প্রতিবাদ করতেই জোয়ানরা তাঁকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। এলাকার বিদায়ী পুরমাতাকে মারতে আসে।
এমনকি তিনি ভোট কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে টিফিন করতে গেলেও জোয়ানরা সেখানে গিয়ে তাঁকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি ও জোর করতে থাকে। প্রার্থী লাভলি মৈত্র এদিন সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ওঁরা ভোটারদের নিরাপত্তা দিতে আসে নি। ওঁরা বিজেপির হয়ে ভোট করাতে এসেছে। বিজেপির দালাল।
ভোটারদের প্রভাবিত করছিল। ধরা পড়ে যেতেই আমাদের সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছে। আমিও পুলিশ ঘর থেকে এসেছি। আমাকে আইন শেখাতে এলে চলবে না। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সঙ্গে তাঁর তর্কবিতর্ক বেঁধে যায়। পরে সোনারপুর থানার পুলিশ আসলে প্রার্থী পুলিশের কাছে অভিযোগ জানান। প্রার্থীর সঙ্গে জোয়ানদের ঝামেলার ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিকও।

Post a Comment