হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে ভেস্তে গেল সংযুক্ত মোর্চার জোট
দি নিউজ লায়ন; হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে ভেস্তে গেল সংযুক্ত মোর্চার জোট। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী রফিকুল আলম। আর এনিয়ে এখন হরিশ্চন্দ্রপুর কেন্দ্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। রাজ্যজুড়ে যেখানে বাম , কংগ্রেস এবং আইএসএফ এর যৌথ সমঝোতায় সংযুক্ত মোর্চা গঠন করে শাসক এবং বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে শুরু হয়েছে।
ঠিক তার উল্টো দিকে এখন ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে। যেখানে সংযুক্ত মোর্চার বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রফিকুল আলমকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে। আর এনিয়ে সংযুক্ত মোর্চার সিপিএম, কংগ্রেস নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে এবারে কংগ্রেস প্রার্থী হয়েছেন মোস্তাক আলম। তিনি এই কেন্দ্রের বিধায়ক রয়েছেন।
যদিও এপ্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের জেলার সাধারণ সম্পাদক সীমন্ত মিত্র বলেন , জোটের নামে ফরওয়ার্ড ব্লক দলটাকে কি মালদা থেকে তুলে দেবো, সেটা হয় না। ২০১৬ সালের বিধানসভার নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের নামে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। তাহলে ২০২১ সালে নয় কেন ! অথচ এই বিধানসভা কেন্দ্র টি একসময় ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এখান থেকে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন প্রার্থী তাজমুল হোসেন। কিন্তু তারপরে জোটের নামে এখন ফরওয়ার্ড ব্লককে পিছনের সারিতে রাখা হচ্ছে।
সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই এবারে এই কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। যদিও ফরওয়ার্ড ব্লকের পাশে দাঁড়ালেন না বামেদের বড় শরিক সিপিআইএম। দলের মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, হরিশ্চন্দ্রপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী মোস্তাক আলম। সংযুক্ত মোর্চা তার হয়ে কাজ করবে। এখন সংযুক্ত মোর্চার বিরুদ্ধে কে কি প্রার্থী দিল, সে ব্যাপারে কিছু বলতে পারব না।

Post a Comment