ফের তৃনমূল কর্মীর উপর হামলা ও দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ
দি নিউজ লায়ন; ভোট মিটতে না মিটতেই ফের বিজেপির সন্ত্রাস প্রত্যক্ষ করল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর এলাকার মানুষ। বিজেপি আশ্রিত দুস্কৃতিরা ভেঙে গুঁড়িয়ে দেয় ওই এলাকায় থাকা তৃনমূলের দলীয় কার্যালয় । মারধর করা হয় এক তৃনমূল কর্মীকেও। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর বাজারে বসে গল্প করছিলেন সুপ্রিয় চক্রবর্তী নামের স্থানীয় এক তৃনমূল কর্মী। এই সময় বিজেপি আশ্রিত একদল দুস্কৃতি রড, লাঠি ও টাঙি নিয়ে তাঁর উপর চড়াও হয়।
দুস্কৃতিদের হাত থেকে কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে ওই তৃনমূল কর্মী বাড়ি পালিয়ে যান। কিন্তু তাতেও নিস্তার মেলেনি। ওই তৃনমূল কর্মীর বাড়িতেও দুস্কৃতিরা চড়াও হয়। বাধা দিতে গেলে হাতে টাঙির কোপ লাগে ওই তৃনমূল কর্মীর বোনের। এরপরই দুস্কৃতিরা স্থানীয় তৃনমূল কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ।
আক্রান্ত তৃনমূল কর্মীর দাবি, 'দুস্কৃতিরা সকলেই বিজেপি আশ্রিত। তৃনমূল করার অপরাধেই আমার উপর হামলা চালানো হয়েছে। এলাকায় তৃনমূলের দলীয় কার্যালয়ও ভাংচুর করা হয়েছে'। বিজেপির দাবি এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। পাত্রসায়ের থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
Post a Comment