শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার - The News Lion

শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার

 

দি নিউজ লায়ন;    নির্বাচনের মুখে নজরদারি চালানোর সময় শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ । মঙ্গলবার সকালে নারায়নপুর এলাকা চেঁচুমোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি চার চাকার গাড়িতে অভিযান চালায় পুলিশ।  সেই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে নির্দিষ্ট একটি বেসরকারি কোম্পানির ৫৩৭টি পুরনো চোরাই মোবাইল।


 যেগুলি বস্তাবন্দী করে কালিয়াচক থানা এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এত বিপুল পরিমাণ একই কোম্পানির পুরনো মোবাইল কি কারনে পাচার করা হচ্ছিলো, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ ইউনিস , মহম্মদ ফিরোজ এবং মহম্মদ জাভেদ। এদের বাড়ি বিহারের কাঠিহার এলাকায়। এই ঘটনায় একটি চার চাকার গাড়ি আটক করেছে পুলিশ। সেই গাড়িতে বস্তাবন্দি করে মোট ৫৩৭টি ব্যবহৃত চোরাই মোবাইল পাচার করা হচ্ছিলো। এই মোবাইলগুলি বিহার থেকে নিয়ে আসা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে জেলা পুলিশ। সেই মোতাবেক এদিন চেচুমোড় এলাকার জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছিল পুরাতন মালদা থানার পুলিশ। ওই সময় বিহার থেকে আসা চার চাকার ওই গাড়িটি দেখেই নজরদারিতে থাকা পুলিশের সন্দেহ হয়। এরপর তারা সেই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে শুরু করে। আর তারপরই ওই গাড়ির ভেতর থেকেই বস্তাবন্দি অবস্থায় শতাধিক চোরাই মোবাইল উদ্ধার হয়। এইসব মোবাইলের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে।নি অভিযুক্তরা। নির্দিষ্ট একটি কোম্পানির এত বিপুল পরিমাণ মোবাইল কোথায় এবং কি কারণে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,  বিহার থেকে চোরাই মোবাইলগুলি কালিয়াচকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেগুলি হয়তো ওপারেও পাচার করার পরিকল্পনা ছিলো ।  কিন্তু তার আগেই পাচারকারীদের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ।


পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছে,  একসঙ্গে এতগুলো নির্দিষ্ট একটি বেসরকারি কোম্পানির মোবাইল উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিহার থেকে ওই চোরাই মোবাইল গুলি মালদায় নিয়ে আসা হয়েছিল। অধিকাংশ মোবাইলগুলি পুরনো। কাজেই সেগুলি কি কাজে ব্যবহার হতো তা এখনও পরিষ্কার নয়। ধৃতদের তিনজনের বাড়ি বিহারে।  তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.