নন্দীগ্রামে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, বন্ধ করে দিয়েছে সমস্ত সীমানা
দি নিউজ লায়ণ; বৃহস্পতিবার শুধু রাজ্যই নয়, গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রাম আসনে। তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধে সাড়ে ছটার পর থেকেই গোটা নন্দীগ্রাম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তার মধ্যে আকাশে চক্কর কাটছে নির্বাচন কমিশনের হেলিকপ্টার। এবার নন্দীগ্রামের সমস্ত সীমানা বন্ধ করে দিল নির্বাচন কমিশন।
স্থল,জল ও আকাশ পথে কড়া নজরদারিও চলছে। নন্দীগ্রাম বিধানসভায় মোট বুথের সংখ্যা ৩৫৫টি। সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। ১০০ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে।
শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন থাকবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও অতিরিক্ত ২ কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হবে। বুথের বাইরে কোনওরকম অশান্তিকে নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হচ্ছে ২২ সেকশন ক্যুইক রেসপন্স টিম বা কিউআরটি-কে। প্রতি সেকশনে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন।

Post a Comment