পরিচয় পত্র ছাড়া মেদিনীপুরে স্ট্রং রুমের মনিটরিং কেন্দ্রে বিজেপি কর্মীরা ঢুকছে বলে অভিযোগ
দি নিউজ লায়ন ; মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে কেশপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের মনিটরিং কেন্দ্রে প্রবেশের পরিচয় পত্র ছাড়াই অবাধে বিজেপি কর্মী সমর্থকরা ঢুকছে বলে এমনটাই অভিযোগ করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা । এই অভিযোগ পেয়ে সোমবার রাত্রি এগারোটা নাগাদ শিউলি সাহা হাজির হন কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে। বিষয়টি জেলার নির্বাচনী আধিকারিককেও অভিযোগ আকারে তিনি জানিয়েছেন বলে জানান। শিউলি সাহার অভিযোগ, স্ট্রং রুমের মনিটরিং কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ৬ জন কর্মী থাকার অনুমতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেইমতো তৃণমূলের ৬ জন কর্মী নির্বাচনী আধিকারিকের দেওয়া অনুমতি পত্র সহকারে রয়েছেন।
কিন্তু বিজেপির যেসব কর্মীরা অবাধে মনিটরিং কেন্দ্রে ঢুকছে ও বেরোচ্ছে তাদের কাছে কোনো অনুমতি পত্র নেই। এর জন্য তিনি জেলা নির্বাচন আধিকারিকের গাফিলতিকেই দায়ী করছেন ।একই সঙ্গে মনিটরিং কেন্দ্রে অবাধ যাতায়াত করায়, তাদের দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন পুলিশ বলে জানান শিউলি সাহা।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহার অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, কেশপুরে শিউলি সাহা ৫০ হাজারেরও বেশি ভোটে হারবেন, সেই ভয়, সেই আতঙ্ক উনাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই রাত্রে ১১ টায় স্ট্রং রুম এসেছেন দেখতে।পাশাপাশি শিউলি সাহার অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস।

Post a Comment