গোপীবল্লভপুর বিধানসভার আমলাচটি এলাকায় দেওয়াল লিখছেন বিধায়ক চূড়ামনি মাহাতো
দি নিউজ লায়নঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক পরের দিন থেকেই সমস্ত রাজনৈতিক দল প্রচারের জন্য মাঠে নেমে পড়েছে। কোনো রাজনৈতিক দলই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যদিও এখনো কোনো রাজনৈতিক দলের দলীয় প্রার্থীর নামএখনো ঘোষণা হয়নি। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে ২৭শে মার্চ বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় তৃণমূল, বিজেপি, সিপিএমের পাশাপাশি শিবসেনাও জোরকদমে মাঠে নেমে পড়েছে। সবচেয়ে মজার বিষয় এই নির্বাচনে সবারই স্লোগান "খেলা হবে"।
বুধবার সকাল বেলায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতোকে দেখা গেল তাঁর গ্রাম আমলাচটিতে দেওয়াল লিখন করতে। তিনিও লিখছেন, "আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে"। বিধায়ক চূড়ামণি মাহাতো বলেন শান্তি ও উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে লড়বে। তৃণমূল কংগ্রেস হিংসা ও সন্ত্রাস চায়নি। কারণ যখন অশান্ত হয়েছিল গোটা জঙ্গল মহল, সেই অশান্ত জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি হিংসাত্মক কার্যকলাপ শুরু করেছে ।
তার তিনি নিন্দা করেন। তিনি বলেন হিংসা ও সন্ত্রাস ছড়িয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা যায় না। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এবারও নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে ।তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি বলেন বিজেপি হাজার চেষ্টা করলেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। তাই দলীয় কর্মীদের সাথে তিনিও দেওয়াল লিখনের কাজ করছেন বলে জানান। তিনি বলেন বাড়ি বাড়ি প্রচার এর পাশাপাশি দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে । দলনেত্রী প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি ।যেদিন তিনি প্রার্থীর নাম ঘোষণা করবেন দেওয়ালের ফাঁকা জায়গায় প্রার্থীর নাম লেখা হবে। বিধায়ক নিজে দেওয়াল লিখন শুরু করায় খুশী ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment