মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায় এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরন বেরা। আর এই দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুইদলের কর্মী-সমর্থকদের মধ্যে বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার উদয়নারায়নপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর পাঁজা তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ মণ্ডল এবং বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। বুধবার নিজের মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি। বৃহস্পতিবার উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি সিজবেড়িয়া জামে মসজিদের ইমামদের সঙ্গে সাক্ষাৎ করার পর উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায় তার মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে এদিন বাজারপাড়ার বিজেপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরন বেরা মনোনয়নপত্র জমা দিতে আসেন। এদিকে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাইরে অপেক্ষা করা দুই দল সমর্থকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এমনকি তৃণমূল প্রার্থী পুলক রায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে বের হলে তাকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকরা চিৎকার করতে থাকায় উত্তেজনা চরমে ওঠে। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post a Comment