সৌরভ মোদির সভায় উপস্থিত থাকবেন কি থাকবেন না তা নিয়ে এখন জল্পনার পারদ চড়ছে - The News Lion

সৌরভ মোদির সভায় উপস্থিত থাকবেন কি থাকবেন না তা নিয়ে এখন জল্পনার পারদ চড়ছে

 


দি নিউজ লায়নঃ    সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে এখন জল্পনা ঘুরপাক খেতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। গুঞ্জন শুরু হয়েছে, আগামী রোববার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় নাকি উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়! আর মোদির সভায় উপস্থিত থাকলেই সৌরভের বিজেপি যোগ যে স্পষ্ট হয়ে যাবে তেমনটাই মনে করছেন বাংলার মানুষ। আর এই নিয়েই এখন কানাঘুষা পশ্চিমবঙ্গ রাজনীতির আনাচে-কানাচে। সৌরভ মোদির সভায় উপস্থিত থাকবেন কি থাকবেন না তা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন রাজ্য বিজেপির অন্যতম নেতা শমীক ভট্টাচার্য।


 তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, শরীর ভালো হলে এই রোদে নেট প্রাকটিসে আসুন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই চাইছেন। তবে সৌরভের যদি মনে হয় আবহাওয়া ভালো তা হলে মাঠে নামবেন। শমীকের এই কথার মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিছুদিন আগেই সৌরভ তার একটি ট্যুইটে লিখেছিলেন, মোতেরায় গোলাপি বলে টেস্টে হাজির থাকতে পারছেন না। তবে নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা মোতেরা স্টেডিয়ামে কোনো আসন ফাঁকা থাকবে না বলে তার আশা। ফলে সৌরভের এই ট্যুইট ঘিরেও এখন জল্পনার পারদ চড়ছে। 


কৌতূহল বাড়ছে, সৌরভ কি নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা মোতেরা স্টেডিয়ামের কথা বলে রাজনীতির অঙ্গনের কোনো ইঙ্গিত দিতে চেয়েছেন? যা নিয়েই এখন বঙ্গ রাজনীতি সৌরভময়। এদিকে হিন্দুস্থান টাইমসের এক খবরে বিজেপিতে যোগদান নিয়ে যে জল্পনা চলছে, তাতেও ইতি টানলেন স্বয়ং সৌরভ। সৌরভ জানান, ভুল খবর ছড়াচ্ছে। অর্থাৎ মোদির জনসভায় তিনি থাকছেন না। গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা নেই। তার পরিবারের তরফে সৌরভের বিজেপি যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাম আমল হোক বা তৃণমূল জমানা কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে সুসম্পর্ক আছে প্রাক্তণ ভারত অধিনায়কের। একাধিকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও সৌরভ বরাবরই স্পষ্ট করে দিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। রাজনীতির ‘ম্যাচ’-এ অভিষেকের কোনো অভিপ্রায় নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.