প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাহুল সিনহা - The News Lion

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাহুল সিনহা

 


দি নিউজ লায়ন;  ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। প্রতিদিনের মতো আজও সকাল সকাল প্রচারে বেরিয়ে ছিলেন রাহুল সিনহা। কিন্তু সেই প্রচারেই আজ বাধা হয়ে দাঁড়াল সাফাই কর্মীরা। হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নালন্দা মোড় এলাকায় হাবড়া পুরসভা পরিচালিত সাফাই কর্মীদের অফিসে ভোট চাইতে যাওয়ায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় সাফাই কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। গোটা ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় বিজেপি কর্মীরা। সাফাই কর্মীদের দাবি, অফিস চলাকালীন সরকারি দপ্তরে ঢুকে এভাবে প্রচার চালাতে পারেন না রাহুল সিনহা। বিক্ষোভের মুখে পড়ে রাহুল সিনহা বলেন ভোটের প্রচার করতে সেখানে তিনি যাননি।


তিনি বলেন, “সকালে ওই এলাকায় চা খেতে এসেছিলাম। সেই সময় পাশে থাকা সাফাই কর্মীদের অফিসে গিয়ে ছিলাম। তখন ওরা শ্লোগান দিতে শুরু করেন। ওদের শ্লোগান শুনে বসে পড়ি ।”  পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “সাফাই কর্মীদের কাজ ছেড়ে তাঁদের দিয়ে দলীয় কাজ করাচ্ছে তৃণমূল। আজকের এই ঘটনা তার প্রমাণ । যাদের নগর পরিষ্কার করার কথা তারা তৃণমূলের হয়ে শ্লোগান দিচ্ছে। এভাবে কি পুর প্রশাসন চলে? ২ মে’র পরে প্রশাসন আমাদের হাতে আসবে। আমরা সব সুশৃঙ্খল ভাবে পরিচালনা করব।”  


পরে হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ এসে পরিস্থতি সামলায়। রাহুল সিনহা এলাকা থেকে চলে যাওয়ার পর স্থানীয় সাফাই কর্মীদের তরফে যেখানে তিনি বসে ছিলেন সেই চেয়ার ও সংলগ্ন এলাকা গঙ্গা জল ও ফিনাইল দিয়ে চায়ের দোকান ও সাফাই কর্মীদের অফিস শুদ্ধিকরণ করা হয়। তবে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, যে এই ঘটনার তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। হাবড়ার মানুষ রাহুল সিনহাকে চায় না তাই বিক্ষোভ দেখাচ্ছে। এতে তৃণমূলের কিছু করার নেই। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.