একজন বিশ্বমানের ক্রিকেটার, তিনি কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার - The News Lion

একজন বিশ্বমানের ক্রিকেটার, তিনি কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার



 দি নিউজ লায়নঃ     কলকাতার একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো তাকে হত্যার হুমকি দিতে পারে না।   


একইসঙ্গে সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় আসামি মহসীন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।সাকিবকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। 


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ।  এর আগে ২০২০ সালের ১৫ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে গলাকেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করার অভিযোগ তুলে ক্রিকেট তারকাকে এ হুমকি দেওয়া হয়। পরে গত ১৭ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। 


হুমকিদাতা মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।  ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া ছাড়াও তাকে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দিয়ে মহসীন তালুকদার নামের ওই ব্যক্তি গালিগালাজ করেন। সেলফি তোলা নিয়ে ভক্তদের সঙ্গে সাকিব আল হাসানের খারাপ আচরণের প্রসঙ্গ তুলেও গালিগালাজ করেন তিনি। তবে ১৬ নভেম্বর সকালে ফের লাইভে এসে আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন মহসীন তালুকদার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.