বিজেপি ক্ষমতায় এলে বাংলার গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হাথরস তৈরি হবে, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন; সারা দেশের মধ্যে একটি অসভ্য ও বর্বর দলের নাম হলো বিজেপি। যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র রাজ কায়েম করতে চাইছে। এভাবেই এবারে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, বিজেপি যদি কোনওদিন বাংলায় ক্ষমতায় আসে তাহলে উত্তরপ্রদেশের মতো বাংলার মায়েরা, বোনেরা দিদিরা সুরক্ষিত থাকতে পারবেন না। বিজেপি ক্ষমতায় এলে বাংলার গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হাথরস তৈরি হবে।
একজন বাঙালি হিসাবে আমাদের তখন সেই লজ্জা লুকানোর জায়গা থাকবে না। জ্যোতিপ্রিয় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, দেশজুড়ে সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকা ছুঁয়ে ফেলেছে। পেট্রোল, ডিজেল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সমানে উর্ধমুখী। কিন্ত সেসব নিয়ে মাথাব্যাথা নেই মোদীর। কীভাবে বাংলা দখলে নেওয়া যায় সেজন্য বারবার ছুটে আসছেন বাংলায়। জ্যোতিপ্রিয় বলেন, বিজেপি খুবই প্রতিহিংসা পরায়ণ। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র প্রতিবাদী মুখ। আর সেই কারণেই তাঁকে মেরে ফেলার চক্রান্ত করেছে বিজেপি।
জ্যোতিপ্রিয় দাবি করেন, এবারের নির্বাচন আমাদের কাছে কোনও লড়াই নয়। হাসতে হাসতেই তৃণমূল ২২১ টি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এবারের নির্বাচনে রাজ্যজুড়ে উন্নয়নই আমাদের একমাত্র হাতিয়ার। জয় এখন শুধু সময়ের অপেক্ষা। মানুষের আর্শিবাদে তৃণমূল এবারে ২২১ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। জ্যোতিপ্রিয় বলেন, আমাদের মূল লড়াই হবে ২০২৪ সালের জন্য। দরকার হলে ২০২২ সাল থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দেবো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিঃস্বার্থভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জোট বাঁধবেন। সেই জোট নরেন্দ্র মোদীকে ২০২৪ সালে দিল্লি থেকে সরাবেই। গ্যাসের দাম ৯০০ টাকা থেকে ৪০০ টাকায়, পেট্রোল ৯৫ টাকা এবং ডিজেলের দাম ৮০ টাকা থেকে আমরা ৫০ টাকাতে নামাবো। এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে।

Post a Comment