বাঁকুড়ার সাংসদের কার্যালয়ে আছড়ে পড়ল ভাজপা কর্মীদের ক্ষোভ
দি নিউজ লায়নঃ দল বদলে বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে ভাজপাতে যোগ দিয়েছেন শালতোড়ার তৃণমূল নেতা কালীপদ রায়। আর কালীপদ রায়ের এই যোগদান ঘিরেই তুমুল ক্ষোভ তৈরী হয়েছে ভাজপার নীচু তলার কর্মীদের মধ্যে। আদি ভাজপা কর্মীদের ক্ষোভ শুধু এলাকায় চাপা থাকেনি। তা এদিন প্রবল আকারে আছড়ে পড়ে বাঁকুড়ার ভাজপা সাংসদ সুভাষ সরকারের কার্যালয়ে।
ভাজপা কর্মীদের উপর একাধিক বার হামলার অভিযোগ উঠেছিল যে কালীপদের বিরুদ্ধে সেই কালীপদ রায় বৃহস্পতিবার দল বদলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসতে থাকেন শালতোড়া ব্লকের বামুনতোড়, শালমা, পাবড়া ও ঢেকিয়া অঞ্চলের ভাজপা কর্মীরা। কালীপদ রায়কে কয়লা মাফিয়া দাবি করে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে ওই চার অঞ্চলের ভাজপা কর্মীরা শুক্রবার বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকায় থাকা ভাজপা সাংসদ সুভাষ সরকারের কার্যালয়ে গিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন।
বিক্ষোভকারীদের দাবি সাংসদ সুভাষ সরকার ও ভাজপার জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রর প্রত্যক্ষ মদতেই দলে যোগ দিয়েছেন কালীপদ রায়। এই কালীপদ রায়কে বহিস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে বাঁকুড়ার পদ্ম শিবির। ভাজপার বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, কালীপদ রায় ভাজপাতে যোগদান করেছেন এমন খবর আমাদের কাছে নেই।

Post a Comment