আস্থা ভোটের মুখে ইমরান - The News Lion

আস্থা ভোটের মুখে ইমরান

 


দি নিউজ লায়নঃ   আস্থা ভোটের মুখে ইমরান খান। দলের কর্মকর্তারা বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন। পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে একটি আসনে পরাজয়ের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন। বুধবার ৯৬ আসনবিশিষ্ট সিনেটের ৪৮টি আসনে নির্বাচন হয়। এতে প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের নিম্নকক্ষের সদস্যরা ভোট দেন। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আত্মপ্রকাশ করে। তবে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থী ও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ হেরে যান।


 ওই আসনে জয়ী হন পাকিস্তানের বিরোধী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ইউসুফ রাজা গিলানি। ভোটের ফলাফল ছিল ১৬৯-১৬৪। এই পরাজয় ইমরান খানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে, গোপন ব্যালটের এই নির্বাচনে ইমরানের পিটিআই বা তার মিত্রদের অনেকে তাদের প্রার্থীকে ভোট না দিয়ে গিলানিকে জয়ী করেছেন।    


ফলাফল ঘোষণার পর পিটিআই নেতা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বলেন, বিরোধী দল অনৈতিকতার মাধ্যমে ভোট কিনেছে। ইমরান খান আর তার দল অভাবনীয় এক সিদ্ধান্ত নিয়েছে যে, প্রধানমন্ত্রী হাউসে আস্থা ভোটের মুখোমুখি হবেন। আর এর মাধ্যমে কারা কোন পক্ষে, তা পরিষ্কার হবে।  ‘কারা ইমরান খানের পক্ষে আছেন, আস্থা ভোটের মাধ্যমে তা জানা যাবে। পাশাপাশি যারা তার সঙ্গে নেই বা মনে করেন, বিরোধী দলের মতাদর্শই তাদের জন্য গ্রহণযোগ্য, বিরোধী প্ল্যাটফর্মে যোগ দেয়ার অধিকার তাদের প্রত্যেকের আছে।’



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.