বাঁকুড়ায় মনোনয়ন জমা দিলেন সায়ন্তিকা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার বাঁকুড়ায় পৌঁছে সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে তিনি বলেছিলেন রিল লাইফে মানুষের যত ভালোবাসা পেয়েছি রিয়েল লাইফেও তাই। কিন্তু বাঁকুড়ার মানুষ তাঁকে যে এমনভাবে ভালোবাসায় ভরিয়ে দেবেন তা হয়তো নিজেও কখনো ভাবতে পারেননি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নের মিছিলে মানুষের উচ্ছাস দেখে এদিন আর নিজের আবেগ চেপে রাখতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মিছিলের মাঝেই এক হাতে ভিক্টরি সাইন দেখিয়ে নেচে উঠলেন তিনি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা আপামর মানুষের উদ্যেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস। এদিন মনোনয়ন জমা দেওয়ার জন্য এদিন বাঁকুড়ার হিন্দু হাইস্কুল থেকে লাল রঙের হুড খোলা গাড়িতে করে বেরিয়ে পড়েন সায়ন্তিকা। কিন্তু এদিনের মিছিলে জনপ্লাবনের আবেদনে মাঝে মধ্যেই গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা যায় নায়িকা প্রার্থীকে। সায়ন্তিকার মনোনয়নের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক। তিন রঙা বেলুন, তৃনমূলের দলীয় পতাকা, ছাতা, টুপিতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সায়ন্তিকা বাঁকুড়ার মাচানতলায় যান।
এদিন যে রাস্তা দিয়ে সায়ন্তিকার মনোনয়নের শোভাযাত্রা যায় সায়ন্তিকাকে শুধু চোখের দেখা দেখতে সেই রাস্তার দুদিকে অসংখ্য মানুষ ভিড় জমান। ভিড় ঠেলে এদিন মিছিল এগিয়ে নিয়ে যেতে রীতিমত হিমসিম খেতে হয় তৃনমূল নেতাদের। ভিড় সামাল দিতে রীতিমত ঘাম ছুটে যায় ট্রাফিক পুলিশেরও। মনোনয়ন জমা করার আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যেন রক্ষা করতে পারি। বাঁকুড়ার মানুষ আজ বুঝিয়ে দিয়েছেন এই নির্বাচনে আমার কতটা আশাবাদী হওয়া উচিৎ।

Post a Comment