ভাজপার প্রার্থী পদ নিয়ে তুলকালাম নদিয়ায়। জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ। দফায় দফায় রেল অবরোধ গণইস্তফা
দি নিউজ লায়নঃ ভাজপা প্রার্থীপদ নিয়ে তুলকালাম কাণ্ড নদীয়ায়। প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে একদিনে 17 জন ভাজপা নেতা দলীয় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করলেন শনিবার। ইতিমধ্যেই তারা পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন তিনজন সহ-সভাপতিসহ মহিলা মোর্চার বিভিন্ন পদাধিকারীরা। তাদের অভিযোগ মূলত সাংসদ জগন্নাথ সরকারকে প্রার্থী করা নিয়ে। তাদের বক্তব্য, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যেভাবে প্রার্থী করা হয়েছে স্থানীয় নেতৃত্বের কথা না শুনে তা তারা কোনো মতেই মেনে নেবেন না।
তাই বাধ্য হয়ে সমস্ত রকম পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারা। একইসঙ্গে জগন্নাথ সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়ে তাকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুধু গণ ইস্তফা নয় এদিন জগন্নাথ সরকারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় ভাজপা নেতাকর্মীরা। দুপুর দুটো নাগাদ রানাঘাটে ভাজপার দক্ষিণ জেলা বিজেপির কার্যালয়ে শতাধিক ভাজপা কর্মীরা বিক্ষোভ দেখায় সাংসদ জগন্নাথ সরকার কে ঘিরে। যদিও জগন্নাথ বাবু এ প্রসঙ্গে বলেন, সকলেরই ইচ্ছা হয় নির্বাচনে অংশগ্রহণ করতে। তাই ছোটোখাটো দু-একটি ক্ষোভ-বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে এসেছে তবে তাদের বোঝানো সম্ভব হয়েছে।
কর্মীরা নিজ নিজ বিধানসভায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন অতি শীঘ্রই। অন্যদিকে রানাঘাট উত্তর পূর্ব আসনে অসীম বিশ্বাসের নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় ভাজপা কর্মীরা। এদিন দীর্ঘক্ষন রেল অবরোধ করেন তারা। তাদের দাবি, অবিলম্বে অসীম বিশ্বাসের নাম প্রত্যাহার করে সেই জায়গায় অন্য কোনো প্রার্থী দিতে হবে বিষয়টি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব কে জানানো হয়েছে দাবি পূরণ না হলে এই আসনে নির্দল প্রার্থী দাঁড় করানো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিক্ষুব্ধ কর্মীরা।

Post a Comment