হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি কোনও ফ্যাক্টর নয়, এই কেন্দ্রে আমার জয় নিশ্চিত, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি কোনও ফ্যাক্টর নয়, এই কেন্দ্রে আমার জয় নিশ্চিত। সিপিএম দুই নম্বরে থাকবে। বিজেপি তিন নম্বরে থাকবে। সাফ জানিয়ে দিলেন হাবড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আমি একশো শতাংশ নিশ্চিত হাবড়াতে আমি মানুষের আর্শিবাদ নিয়েই জয়ী হবো। এরপরেই তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহার নাম না করে তীব্র আক্রমণ করেন। জ্যোতিপ্রিয় বলেন, এই কেন্দ্রে বিজেপির যনি প্রার্থী হয়েছেন তিনি বিগত দিনে নিদেনপক্ষে দশবার হেরেছেন।
হারার রেকর্ড ছাপিয়ে গিয়েছেন তিনি। পৌরসভা থেকে শুরু করে বিধানসভা, লোকসভা কোনও নির্বাচনেই তিনি জয়ী হতে পারেননি। জীবনে কোনওদিন কোনও নির্বাচনে জেতেননি তিনি। দশবার হারের পরেও কোন লজ্জা মুখে নিয়ে তিনি ভোটে দাঁড়ান বুঝি না। আমি যদি উনার জায়গায় থাকতাম তাহলে, প্রার্থী হওয়া তো দূরের কথা, দলের মধ্যে মাথা নীচু করে থাকতাম। ভোটের দাঁড়িয়ে বারবার হারার পর অন্তত লজ্জা থাকতো আমার। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আপনাদের সকলের আর্শিবাদ মাথায় নিয়ে জীবনে একটি বারের জন্যেও হারিনি আমি। বাম জমানায় সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করেই কলেজ জীবন থেকে জেতা শুরু করেছি।
এরপর বার কাউন্সিল, গাইঘাটা কেন্দ্র থেকে পরপর দশ বছরের বিধায়ক হয়েছি।এই হাবড়া কেন্দ্র থেকে দুইবার জিতে বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হয়েছি। এবারেও আমি নিশ্চিত, আপনাদের আর্শিবাদকে পাথেয় করে আমি এই হাবড়া কেন্দ্র থেকে জিতবোই। আমি সারা বছরই মানুষের সঙ্গে থাকি। ভোটের সময় ভোটপাখীর মতো উড়ে আসি না। মানুষের জন্য কাজ করি বলেই মানুষ বারবার জয়ী করে আমাকে তাঁদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন। আমি কাজ করার ছেলে। এলাকার মানুষের জন্য কাজ করে চাই। একটা সময় এই হাবড়া কি ছিলো আর এখন কি হয়েছে তা আপনারাই বিচার করুন।

Post a Comment