বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, দলের প্রার্থীকে না মানার পোস্টার শহর জুড়ে
দি নিউজ লায়নঃ প্রার্থী তালিকা ঘোষণা হতেই এবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদলের দাবি তুলে পোস্টার পড়ল বাঁকুড়ার মাচানতলা সহ বিভিন্ন এলাকায়। আজ সকালে বাঁকুড়া শহরের পেট্রোলপাম্প মোড়, স্টেট ব্যাঙ্ক মোড়, রানীগঞ্জ মোড় সহ বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রেস লাইনে বিজেপির নাম লেখা এই পোস্টারগুলিকে ঘিরেই আপাতত জলঘোলা শুরু হয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে ।
নির্বাচনের বহু আগে থেকে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে অনেক বিজেপি কর্মী ও সামনের সারির নেতার নাম উঠে আসছিল। ওই কেন্দ্রের প্রার্থীর দাবিদারও কম ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির তরফে প্রার্থী করা হয় নিলাদ্রী শেখর দানা কে। এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারেননি বিজেপির প্রার্থী হিসাবে দাবিদারদের অনেকেই।
তাই প্রকাশ্যে এভাবে পোস্টার দেওয়ার মধ্য দিয়ে কার্যত দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কর্মীদের একটা বড় অংশ অন্তত তেমনটাই ধারনা রাজনৈতিক মহলের। যার বিরুদ্ধে এই পোস্টার সেই বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা অবশ্য এই বিষয়টিকে আমল দিতে নারাজ। বিষয়টি নিয়ে তিনি প্রথমে বক্তব্য দিতে না চাইলেও পরে তিনি দাবি করেন এই পোস্টার কে বা কারা দিয়েছে তা জানা নেই। তৃনমূলের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ। এই সবে খেলা শুরু হয়েছে। এখনো অনেক খেলা বাকি রয়েছে।

Post a Comment