প্রাথী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয় ভাঙচুর বিজেপি কর্মী সমর্থকদের
দি নিউজ লায়ন; প্রার্থী পছন্দ না হওয়ায় দলের জেলা কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ফুলেশ্বরের মনসাতলায়। শুধু তাই নয় একই দাবিতে উদয়নারায়নপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী-সমর্থকেরা।
দীর্ঘ প্রতীক্ষার অবসানে রবিবার দুপুরে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের একাধিক বিধানসভার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার একটি আসন ছাড়া বাকি সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি । যদিও পাঁচলা উদয়নারায়নপুরের প্রার্থী পছন্দ না হওয়ায় দুপুরের পর থেকেই উত্তাল হয়ে ওঠে এই দুই বিধানসভা।
বিধানসভা নির্বাচনে পাঁচলা কেন্দ্র থেকে বিজেপি মোহিত ঘাঁটিকে প্রার্থী মনোনীত করায় ক্ষোভে ফেটে পড়ে দলীয় কর্মী সমর্থকরা। তারা প্রাথী বদলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এক সময় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয় মনসাতলায উপস্থিত হয় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অন্যদিকে উদয়নারায়ণপুরের বিজেপির প্রার্থী সুমিত রঞ্জন কাড়ারকে প্রাথী হিসেবে মানতে না পেরে খিলা অঞ্চলে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী-সমর্থকেরা। অবিলম্বে সুমিত রঞ্জন কাড়ারের পরিবর্তে বিজেপি নেতা ভোলা সামুইকে প্রার্থী করার দাবি জানানো হয়।
অন্যদিকে দলীয় কার্যালয় ভাঙচুর ও রাস্তা অবরোধ প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রঞ্জন পাল জানান এটাই স্বাভাবিক। যেসব কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করল দল তাদের কথা না ভেবে অন্য প্রাথী করায় এই বিক্ষোভ। তবে শুধু দলীয় কর্মী সমর্থক নয় যদি প্রাথী পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে দলের সর্বস্তরের কর্মীরা বিকল্প চিন্তা ভাবনা করতে বাধ্য হবে।
অপরদিকে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায় জানান বিজেপির কর্মী-সমর্থকেরা কি ধরনের সংস্কৃতির ধারক বাহক সেটা মানুষ দেখছে।

Post a Comment