গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হল কালিয়াচক থানার পুলিশ
দি নিউজ লায়নঃ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হল কালিয়াচক থানার পুলিশ। রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের ইমামজাগির এলাকায়। রাতেই আক্রান্ত ওই পুলিশ অফিসারকে উদ্ধার করতে কালিয়াচক থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহত ওই পুলিশ অফিসারকে রাতেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত ওই পুলিশ অফিসারের মাথায় চোট রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। এই হামলার অভিযোগে চারজনকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ ।
পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশ অফিসারের নাম বিশ্বজিৎ গুহ (৪৮) । বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালানো শুরু করেছে পুলিশ। এরইমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া দুষ্কৃতীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। এদিন রাতে ইমামজাগির এলাকায় নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট চলছিল। আর সেখানেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এক দুষ্কৃতী হাজরু শেখ উপস্থিত রয়েছে এই রকমই খবর গোপন সূত্রে জানতে পারে কালিয়াচক থানার পুলিশ।
এরপরই কালিয়াচক থানার এসআই বিশ্বজিৎ গুহের নেতৃত্বে সাদা পোশাকের তিনজনের একটি টিম ইমামজাগির এলাকার ভলিবল খেলার মাঠে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। এরপরেই ওই দুষ্কৃতী কিছু অনুগামীরা অতর্কিতে পুলিশ অফিসারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ওই পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে অন্য এক পুলিশকর্মী কালিয়াচক থানায় ফোন করে বিষয়টি জানায়। এরপরই মুহুর্তের মধ্যেই কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । সেখান থেকে এই হামলা চালানোর অভিযোগে চারজনকে আটক করা হয়। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে , সাদা পোশাকে অভিযুক্তকে ধরতে গিয়েছিল এক পুলিশ অফিসারের নেতৃত্বে থাকা একটি টিম। যেখানে ওই দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল সেখানে ভলিবল টুর্নামেন্টটি হচ্ছিল। নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট হওয়ার সময় পুলিশকে ঘিরে অভিযুক্তের কিছু দলবল এই হামলা চালিয়েছে। এই ঘটনায় চার জনকে আটক করার পাশাপাশি বাকি হামলাকারীদের খোজ চালানো হচ্ছে।

Post a Comment