বারুইপুরে বিজেপি প্রার্থীর দেওয়াল লেখায় কালো কালি দিয়ে প্রার্থী 'পছন্দ নয়' বলে লিখে দেওয়া হলো
দি নিউজ লায়নঃ :বারুইপুরে বিজেপি প্রার্থীর দেওয়াল লেখায় কালো কালি দিয়ে প্রার্থী 'পছন্দ নয়' বলে লিখে দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির কর্মী সমর্থকরা তাদের প্রার্থীর প্রচারে 'পচ্ছন্দ নয়' কথাটি লেখার পিছনে শাসকদলের লোকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁরা দাবি করেন এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। বিজেপির নিজেদের গোষ্ঠী দ্বন্দের ফলেই এই ঘটনা।
এদিন বারুইপুরের মদারহাট গ্রাম পঞ্চায়েতের আটঘরার ঘটনা। আসন্ন বিধানসভায় বারুইপুর পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন দেবোপম চট্টোপাধ্যায়। আটঘরায় তাঁর নামেই দেওয়াল লেখা হয়েছে। এদিন সকালে এলাকাবাসী দেখেন সেই দেওয়াল লেখার উপরে দুষ্কৃতীরা কলো কালি দিয়ে লিখে দিয়েছে 'এই প্রার্থী পছন্দ নয়'। এই লেখা দেখার পরই এলাকার মানুষ বিজেপি কর্মীদের খবর দেন। বিজেপি কর্মীরা এসে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। মধূসুদন ব্যানার্জি নামের এক বিজেপি নেতা দাবি করেন আমাদের দলের মধ্যে কোন গোষ্ঠী দ্বন্দ নেই।
তৃণমূল খেলা হবে স্লোগান তুলে এই নোংরা খেলায় মেতে উঠেছে। যদিও ওই এলাকার যুব নেতা আব্দুল রফিক মোল্লা জানান, বিজেপি প্রার্থীর দেওয়াল লেখায় কে বা কারা প্রার্থী পচ্ছন্দ নয় লিখেছে তা বলতে পারবো না। তবে তৃণমূলের এই সংস্কৃতি নয়। তৃণমূলের কর্মীরা এমন কাজ করবে না। আসলে প্রার্থী নিয়ে ওই দলের নেতা ও কর্মীদের মধ্যে গোলমাল চলছে। সকলেই সেসব কথা জানেন। এটা নতুন বিষয় নয়। কাজেই নিজেদের দলের লোকেরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখন ওরা তৃণমূলের নামে দোষারোপ করছে।

Post a Comment