শিবরাত্রি উপলক্ষে গঙ্গাস্নানে এসে জলে ডুবে মৃত স্কুল ছাত্র
দি নিউজ লায়নঃ শিবরাত্রির উপোস করে গঙ্গাস্নান করতে গিয়ে ভাগীরথী নদীর জলে ডুবে মৃত্যু হল এক স্কুলছাত্রের । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রামনগর ঘাটে। মৃতের নাম অনির্বাণ সিং (১৫)। সে রামনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শক্তিপুর থানার বাছড়া গ্রামের বাসিন্দা। নদিয়া ও মুর্শিদাবাদের সীমানা এই ভাগীরথী নদী। মুর্শিদাবাদ লাগোয়া এই রামনগর ঘাটেই স্নান করতে যায় ওই স্কুল ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে রামনগর ঘাটে গঙ্গাস্নানে যায় অনির্বাণ। সাঁতার না জানায় তাকে পরিবারের লোকেরা গঙ্গা স্নানে যেতে বারণ করে। পরিবারের নিষেধ অমান্য করেই গঙ্গাস্নানে বেরিয়ে পড়ে অনির্বাণ। স্নান করার সময় জলে হাবুডুবু খেতে থাকে অনির্বাণ। বাঁচানোর জন্য আর্তনাদ করতে থাকলে কেউ এগিয়ে আসেনি বলে জানা যায়। এরপরই পরিবারের লোকজন খবর পেলে ছুটে আসে রামনগর ঘাটে, সেখানে শক্তিনগর থানার পক্ষ থেকে মাছ ধরার জাল ও ডুবুরি নামানো হয় ভাগীরথীতে এবং নৌকা দিয়েও মৃতদেহ উদ্ধারের কাজ চলে। এদিন বিকেল পর্যন্ত মৃতদেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

Post a Comment