রামনগরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত দু'পক্ষের ৮জন
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন বিধানসভা এলাকার অধীন মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকার রামনগরে তৃণমুল বিজেপি সংঘর্ষের আহত দুপক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজেপি সমর্থকের অভিযোগ, মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে হাতিহলকার কাছে তৃণমুল কর্মীরা পথ আটকে বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ।
ওই ঘটনায় তিন জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপির এক নেতা জানান। অন্যদিকে গুরুতর আহত এক তৃণমুল কর্মীর পাল্টা অভিযোগ, এদিন রাতে রামনগর এলাকায় তৃণমুল কংগ্রেসের কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার সময় আচমকাই কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা। ওই ঘটনায় গুরুতর আহত হয় তৃণমূলের ৫ কর্মী। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পিকেটিংও করা হয় এলাকায়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করছে বিজেপি।
তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল সামন্ত বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন রাজনৈতিক কারণে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য বিজেপি কর্মীরা রামনগরে দলের কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের মারধর করার পাশাপাশি দলীয় কার্যালয় ভাঙচুর করে তাণ্ডব চালায়।বিষয়টি তৃনমূলের পক্ষ থেকে কোতয়ালী থানার পুলিশ কে জানানো হয়েছে।পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তৃনমূলের নেতা মুকুল সামন্ত দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন।বিজেপির সন্ত্রাসের জবাব রাজনৈতিক ভাবে দেওয়া হবে বলে তিনি জানান।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রামনগর এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment