সংকল্প পত্র নিয়ে হাওড়ায় সাংবাদিক বৈঠক বিজেপির - The News Lion

সংকল্প পত্র নিয়ে হাওড়ায় সাংবাদিক বৈঠক বিজেপির

 


দি নিউজ লায়ন; এবার বাংলায় আসল পরিবর্তন আনতে 'সোনার বাংলা সংকল্প পত্র - ২০২১' নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে মঙ্গলবার দুপুরে হাওড়া সদর বিজেপি কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের সদর সভাপতি সুরজিৎ সাহা, দলের নেতা বিনয় আগরওয়াল, নব কুমার দে, বিমল প্রসাদ সহ অন্যান্যরা।


 এদিন সুরজিৎ সাহা বলেন, সোমবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংকল্প পত্র প্রকাশ হয়েছে। এই বিষয়ে রাজ্যের প্রতিটি জেলায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুরূপ হাওড়া জেলাতেও হাওড়া শহরবাসীর কাছে সেই বিষয়টি তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। 


কেজি থেকে পিজি পর্যন্ত সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে উন্নত স্বাস্থ্য-পরিষেবা প্রদান করা হবে। সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের ব্যবস্থা করা হবে। পি এম কিষানের আওতায় ৭৫ লক্ষ কৃষককে বার্ষিক ১০ হাজার টাকা, পিএম কিষানের আওতায়  ৭৫ লক্ষ কৃষককে বকেয়া ১৮ হাজার টাকা দেওয়া হবে। সকল ভূমিহীন কৃষক এবং ভাগচাষীদের বছরে ৪ হাজার টাকা ও মৎসচাষীদের ৬ হাজার টাকা দেওয়া হবে। 


সুরজিৎবাবু আরও  জানান, এছাড়া আয়ুষ্মান ভারতের আওতায় প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হবে। প্রতিটি পরিবারের অন্তত এক জন সদস্যাকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। শিক্ষিত যুবকদের চাকরির জন্য প্রতিটি ব্লকে নেতাজী বিপিও স্থাপন, ১০০০০ নতুন স্টার্চ আপে ২৫ লক্ষ টাকা পর্যন্ত  ভর্তুকিযুক্ত লোন দেওয়া হবে। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা তাঁদের সংকল্প পত্রে রাজ্যবাসীর জন্য আরও নানান সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.