লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলের কুলগাছিয়া ষ্টেশনের লেভেল ক্রসিং এর কাছে একটি গাড়ি থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করল উলুবেড়িয়া জিআরপি। ঘটনায় পুলিশ গাড়িটিকে আটক করার পাশাপাশি দু'জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দু'জনের বাড়ি উড়িষ্যার কটকে। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জিআরপি-র কাছে খবর ছিল বাইরে থেকে উলুবেড়িয়া শহরে গাঁজা পাচার করা হচ্ছে। সোমবার দুপুরে গাঁজা পাচারের খবর পুলিশের কাছে আসে। এরপরেই জিআরপি আধিকারিকরা কুলগাছিয়া ষ্টেশনের কাছে সাদা পোশাকে ছড়িয়ে যান।
পরে গাড়িটি লেভেল ক্রশিং এর কাছে আসতেই পুলিশ গাড়িটিকে আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গাড়িটিকে আটক করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি উদ্ধার হওয়া গাঁজার মূল্য লক্ষাধিক টাকা। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে।

Post a Comment