ভোটের মুখে ভাটপাড়াকে অশান্ত করে তোলার চক্রান্ত চলছে. জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ ভাটপাড়ায় সন্ত্রাসের রাজ কায়েম করার লক্ষ্যে বোমাবাজি করাচ্ছে অর্জুন সিং। ভোটের মুখে ভাটপাড়াকে অশান্ত করে তোলার চক্রান্ত চলছে। এভাবেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার মধ্যমগ্রামের জেলা তৃণমূলের কার্যালয়ে বসে তিনি বলেন, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে। আমার বিশ্বাস দুস্কৃতীরা সবাই খুব শিঘ্রী ধরা পড়বে। জ্যোতিপ্রিয় বলেন, গত লোকসভা নির্বাচনেও ব্যারাকপুরের মাটিতে সন্ত্রাস সৃষ্টি করে অর্জুন সিং জিতেছিলো।
এবারেও সেই একই কাজ করতে চাইছে। প্রধানমন্ত্রীও ভাটপাড়া নিয়ে কথা বলছেন এটা ভাবা যায় না। তবে ভাটপাড়ার মানুষ অর্জুন সিংয়ের সন্ত্রাস সম্পর্কে জানেন। ভোটের ফলটা বের হতে দিন সবকিছুই দেখতে পাবেন। এই উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ টি বিধানসভা কেন্দ্রই আমরা জিতবো। এখানে বিজেপির কোনও জায়গা হবে না। বিজেপি এই জেলা থেকে জিরো পাবে। আমাদের দলের ছেলেরা প্রচুর খাটছে। ইতিমধ্যে জেলার প্রায় ৭৫ শতাংশ দেওয়াল লিখনের কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করা হবে।
আমি যথেষ্ট রিলাক্সে রয়েছি। জেলা নিয়ে আমার কোনও দুঃশ্চিন্তা নেই। আমি আনন্দে রয়েছি। উত্তর ২৪ পরগণা জেলাতে ৩৩ টি আসনেই আমাদের জয় নিশ্চিত। কেউ রসগোল্লা খেতে চাইলে আমি এখনই খাওয়াতে পারি। দানাদারও খাওয়াতে পারি। জেলার সব জায়গাতেই আমরা অন্যান্যবারের থেকে চারগুণ এগিয়ে আছি। গতবারের থেকে বেশী মার্জিনে এই জেলায় তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন। জ্যোতিপ্রিয় দাবি করেন, এবারের নির্বাচনে এই উত্তর ২৪ পরগনা জেলাতে বামেদের ভোট আগের বারের থেকেও কমে যাবে। তারা যতোই জোট গড়ে লড়ার চেষ্টা করুক না কেন, এই জেলায় সুবিধা করে উঠতে পারবে না।
জেলাতে উন্নয়নের উপর ভিত্তি করেই ভোট হবে। সিপিএমকে আমরা সরিয়ে দিয়েছি ব্যাস। ওদের আর ফিরে আসতে হবে না। অন্তত আমি আমার জীবোদ্দশায় আর ওদের ক্ষমতায় দেখতে পাবো না। এবারের ভোটে ওরা ওদের ভোট শতাংশটুকু ধরে রাখতে পারে কি না সেটা দেখুক। কে কতো শতাংশ ভোট পেলো তার উপর তৃণমূলের জয় নির্ভর করে না বলেও সাফ জানান জ্যোতিপ্রিয়। তিনি বলেন, তৃণমূল তার নিজের শক্তিতেই জেলার ৩৩ টি বিধানসভা আসন থেকে জয়ী হবেই। জ্যোতিপ্রিয় বলেন, দলীয় সার্ভেতে স্পষ্ট হয়ে গিয়েছে, এবারে তৃণমূল ২২১ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরছেই।

Post a Comment