তৃণমূলের টিকিট না পেয়ে পুরনো দল ফরওয়ার্ড ব্লকে ফেরার চেষ্টা করতে গিয়ে ঘাড় ধাক্কা খেলেন মইনুদ্দিন শামস - The News Lion

তৃণমূলের টিকিট না পেয়ে পুরনো দল ফরওয়ার্ড ব্লকে ফেরার চেষ্টা করতে গিয়ে ঘাড় ধাক্কা খেলেন মইনুদ্দিন শামস

 


দি নিউজ লায়নঃ    তৃণমূলের টিকিট না পেয়ে পুরনো দল ফরওয়ার্ড ব্লকে ফেরার চেষ্টা করতে গিয়ে ঘাড় ধাক্কা খেলেন নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস। নলহাটি কেন্দ্রে বিধানসভা ভোটে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়নি মইনুদ্দিনকে। তৃণমূল সূত্রের খবর, তার বিরুদ্ধে একাধিক দলীয় নেতা-কর্মী শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পরই  তাকে প্রার্থী করেনি তৃণমূল। শনিবার ভোল বদলে আচমকা ফরওয়ার্ড ব্লক অফিসে হাজির হয়ে যান কলিমুদ্দিন শামস এর পুত্র মইনুদ্দিন। 


ফরওয়ার্ড ব্লক সূত্রে দাবি, মইনুদ্দিন ফরওয়ার্ড ব্লকে ফিরে আসতে চেয়েছিলেন এবং তাকে যাতে নলহাটি কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করে আর্জি জানিয়ে ছিলেন। যদিও ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এখন আর তাকে এভাবে দলে নেওয়া সম্ভব নয়। নির্বাচনে নলহাটি কেন্দ্র থেকে প্রার্থী করার কোন প্রশ্নই ওঠে না কারণ ইতিমধ্যেই  কারা প্রার্থী হচ্ছেন তা ঠিক হয়ে গিয়েছে।


 পরে যদি দল মনে করে তখন তাকে ফেরানোর বিষয়ে ভাবা যেতে পারে এখনই এ বিষয়ে কোনো রকম আলোচনা বা সিদ্ধান্ত ফরওয়ার্ড ব্লক নেবে না। এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, মইনুদ্দিন শামস দলীয় দপ্তরে এসে ফরওয়ার্ড ব্লকে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু প্রত্যেক দলের কিছু নিয়ম রয়েছে। নির্বাচনের আগে হঠাৎ করে টিকিট না পেয়ে বিদ্রোহী দলত্যাগী একজন নেতাকে দলে ফেরানো যায় না এতে দলীয় নেতাকর্মীদের কাছে ভুল বার্তা যাবে। আর মইনুদ্দিনকে প্রার্থী করার কোন প্রশ্নই ওঠে না। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লক তাদের সমস্ত প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে । মইনুদ্দিনকে জানানো হয়েছে আগামী দিনে তার কর্মসূচির দিকে দল নজর রাখবে সেই মতো সিদ্ধান্ত নেবে ফরওয়ার্ড ব্লক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.