দার্জিলিং জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রে প্রতি বুথে বুথে কোন কোন ভাষাভাষীর কত পরিবার রয়েছে তার ডাটাবেস তৈরি করে প্রচারে ঝাঁপাচ্ছে তৃনমূল
দি নিউজ লায়নঃ বুথ ভিত্তিক কোন ভাষাভাষির কত পরিবার রয়েছে দার্জিলিং জেলায় রেকর্ড তৈরি করছে তৃনমূল। দার্জিলিং জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রে প্রতি বুথে বুথে কোন কোন ভাষাভাষীর কতগুলো পরিবার রয়েছে তার ডাটাবেস তৈরি করে প্রচারে সেই হোমওয়ার্ককে কাজে লাগাবে দল। জেলার দার্জিলিং,কার্শিয়াং,মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসীদেওয়া বিধানসভা মিলে মোট ১৪১৩টি বুথ রয়েছে। আবার পাঁচ বিধানসভা ভিত্তিক জেলায় মোট ভোটারের সংখ্যা ১২,২২১৯০জন।
সেখানে দার্জিলিং জেলায় পাহাড় সমতলের পাশাপাশি উত্তর পূর্বের গেটওয়ে শিলিগুড়ি শহরে মিশ্র সংস্কৃতির অবস্থান।যেক্ষেত্রে ভোট প্রার্থীর ক্ষেত্রে সব ভাষাভাষির চাওয়া পাওয়া বুঝে পৌঁছনো একটা কঠিন কাজ। বাঙালির পাশাপাশি বড় অংকের ভোট অধীনস্ত রয়েছে হিন্দি ভাষি ও নেপালি ভাষীর ওপর। আবার ঠিক তার উল্টোদিকে শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়ায় রাজবংশী,আদিবাসী সমুদায়ের দখলে।
সেক্ষেত্রে বুথ ভিত্তিক বাংলা,হিন্দি,নেপালি, রাজবংশী, সাঁওতালি ভাষার নিরিখে কত পরিবার রয়েছে তার ডাটা সংগ্রহ করে রেকর্ড তৈরির কাজ চলছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে এই পরিসংখ্যানকে ধরেই নির্বাচনী প্রচারে বৈঠক সভাগুলি করবে তৃনমূল।নির্বাচনী প্রচারের ক্ষেত্রে জেলার পাঁচ কেন্দ্রে সমস্ত ভাষার ওপর সম গুরুত্ব দিয়ে সভা মিছিল বিভিন্ন ভাষায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে ঘাস ফুল শিবিরের। আর সেক্ষেত্রে এই পরিসংখ্যানকে ধরেই পাঁচ বিধানসভা কেন্দ্রে ভাষাভাষি ভিত্তিক মানুষের কাছে তার নিজস্ব ভাষায় নির্বাচনী বার্তা পৌঁছে দেবে দল।
বিভিন্ন ভাষায় আয়োজিত সভার ক্ষেত্রে বুথ ভিত্তিক নির্দিষ্ট ভাষাভাষির মানুষকে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে মিছিল ও সভায় আহবান জানাতে পারে ঘাসফুল শিবির বলেই দলের তরফে জানা গিয়েছে। পাশাপাশি এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই একাধিক ভাষায় প্রচার প্রার্থীর লিফলেট তৈরী করা হবে প্রতি বিধানসভা কেন্দ্রে।
যে বিধানসভা কেন্দ্রে যে ভাষাভাষির মানুষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে নির্বাচনী প্রচারে স্টার ক্যাম্পানার বা দলীয় নেতৃত্বদের ক্ষেত্রেও ভাষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাছাই করা মুখকে জেলায় আনা হতে পারে। দলীয় সূত্রে জানা গিয়েছে সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে বুথ ভিত্তিক বিভিন্ন ভাষাভাষীর মানুষের ডাটাবেস ধরেই গ্রূপ তৈরি করে ডিজিটাল প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে জেলা তৃণমূলের।
দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার বলেন আমারা সর্বত ভাবেই মানুষের কাছে পৌছেছি। দার্জিলিং জেলায় যেহেতু মিশ্র সংস্কৃতির মানুষ রয়েছেন তাই সেক্ষেত্রে তাদের নিজস্ব মাতৃভাষায় তাদের কাছে পৌঁছতে ভাষাভাষী ভিত্তিক পরিসংখ্যান তৈরি করা হচ্ছে। যার কাজ প্রায় শেষের দিকে। তিনি বলেন শুধুমাত্র নির্বাচনী প্রচার নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ভাষাকে সম গুরুত্ব দিয়ে কাজ করে থাকেন। তিনি বাংলার পাশাপাশি হিন্দি ও স্থানীয় ভাষায় প্রত্যেক সমুদায়ের উৎসব অনুষ্ঠানে মানুষের উদ্দেশ্যে বার্তা দেন।

Post a Comment