উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগকে হাস্যকরভাবে অযৌক্তিক বলে দাবি করেছে চীন - The News Lion

উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগকে হাস্যকরভাবে অযৌক্তিক বলে দাবি করেছে চীন

 


 দি নিউজ লায়নঃ        চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগকে হাস্যকরভাবে অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রোববার বেইজিংয়ে নিয়মিত বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বলে সূত্রের খবর।   অ্যাক্টিভিস্ট ও জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, অন্তত দশ লাখ মুসলিমকে জিনজিয়াংয়ের বন্দি শিবিরে আটক রাখা হয়েছে। তারা চীনের বিরুদ্ধে নিপীড়ন, বাধ্যতামূলক শ্রম ও মগজধোলাই করার অভিযোগ এনেছেন। 


চীন জিনজিয়াংয়ে যে কোনও ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, শিবিরে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি প্রয়োজনীয়।চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। 


কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।  সম্প্রতি কানাডা, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস চীনের উইঘুর নিপীড়নকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জিনজিয়াংয়ের পরিস্থিতি যে গণহত্যা তা সম্পর্কে স্পষ্ট এবং এটি মানবতাবিরোধী অপরাধ। 


 রবিবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিনজিয়াং কী ঘটছে তা সম্পর্কে মিথ্যাকে বিশ্বাস করতে পছন্দ করছেন পশ্চিমা রাজনীতিকরা এবং চীন অঞ্চলটি পরির্শনে মানুষকে স্বাগত জানাবে। চীনের সমালোচনাকারী কয়েকটি দেশকে ইঙ্গিত করে তিনি বলেন, জিনজিয়াংয়ে তথাকথিত গণহত্যা হাস্যকরভাবে অযৌক্তিক। এটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ছড়ানো গুজব ও সম্পূর্ণ মিথ্যা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.