পুরাতন মালদায় সিমেন্ট বোঝাই লরি হাইজ্যাক হওয়ার ঘটনায় তিন দিনের মধ্যে কিনারা করলো পুলিশ
দি নিউজ লায়ন; পুরাতন মালদায় সিমেন্ট বোঝাই লরি হাইজ্যাক হওয়ার ঘটনায় তিন দিনের মধ্যে কিনারা করলো পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে লরি বোঝাইয়ের অর্ধেকাংশ সিমেন্ট। তবে ঘটনার মূল পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী ফাঁড়ির ওসি হারাধন দেব এবং এএসআই মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। আর সেই টিমের গভীর তদন্ত এবং অভিযানে সিমেন্ট বোঝাই লরি উদ্ধারে সাফল্য আসে।
মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির কর্তাদের এই সাফল্যের ঘটনায় সাধুবাদ জানিয়েছে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ক্ষুদিরাম প্রামানিক (৫৬), মদন প্রামানিক (৪৫) এবং অলোক সরকার (৪৭)। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার লক্ষীপুর এলাকায়। গত ২৫ মার্চ পুরাতন মালদার মঙ্গলবাড়ী গুরুদুয়ারা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সিমেন্টবোঝাই একটি লরি রাখা ছিল। ওই লরিতে ১৮০ বস্তা নামিদামি কোম্পানির সিমেন্ট বোঝাই করা ছিল । রাতে লরিটি গুরুদুয়ারা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে লক করে চালক, খালাসী এবং গাড়ির মালিক বাড়ি চলে যান।
তাদের বাড়ি পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সারোদা কলোনি এলাকায়। এরপর ২৬ মার্চ সকালে এসে লরির মালিক এবং চালক জানতে পারেন সিমেন্ট বোঝাই গাড়িটি গুরুদুয়ারা সংলগ্ন জাতীয় সড়কের ওই এলাকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। এরপরই গাড়ির মালিক তপন সরকার সিমেন্টবোঝাই লরিটি হাইজ্যাক করার বিষয়ে পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হারাধন দেবের নেতৃত্বে একটি স্পেশাল টিম গঠন করা হয়। তারপরে শুরু হয় তদন্ত। বেশকিছু সূত্র ধরে তদন্তকারী পুলিশ কর্তারা জানতে পারেন বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর এলাকার একটি জঙ্গলে লরিটি রাখা রয়েছে । এরপর তদন্তকারী পুলিশ কর্তারা ওই এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে ফাঁকা লরিটি উদ্ধার করেন। তারপরেও চলে তদন্ত। বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারী পুলিশ কর্তারা লক্ষ্মীপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে ৬৪ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার হয় । এই ঘটনায় ওই বাড়ির মালিক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্তারা জানিয়েছেন, পুরাতন মালদা শহরের জাতীয় সড়কের ধার থেকে লরি হাইজ্যাকের ঘটনা এই প্রথম। তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানিয়েছে চোরাই সিমেন্ট গুলি তারা নাকি কিনেছিল। ১৮০ বস্তার মধ্যে কিছুটা বিক্রি করেছিল এবং বাকি ৬৪ বস্তা ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয় । কিন্তু লরি হাইজাকের ঘটনার পিছনে মাস্টারমাইন্ড আরো কেউ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সুতরাং এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Post a Comment