মিথ্যে অভিযোগের পর্দা ফাঁস হতেই ময়দান ছেড়ে পালালো কোচবিহারের বিজেপি নেতৃত্ব
দি নিউজ লায়ন; মিথ্যে অভিযোগের পর্দা ফাঁস হতেই ময়দান ছেড়ে পালালো কোচবিহারের বিজেপি নেতৃত্ব। অসহায় নিহত বিজেপি নেতার পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল। দিনহাটার প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের বাড়িতে গেলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দেখা করে পাশে থাকার আশ্বাসও দিয়ে আসলেন অমিত সরকারের পরিবারকে। উদয়ন বাবু ওই পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, “কেন অমিত আত্মহত্যার পথ বেছে নিল, তাঁকে কেউ কোন ভাবে প্ররোচিত করেছিল কিনা সেটা জানতে পুলিশকে ঘটনার সঠিক তদন্ত করা উচিত।“
সোমবার সন্ধ্যায় কোচবিহারে এসে তদন্ত করে যাওয়া নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অমিত সরকার যে আত্মহত্যাই করেছেন, সেটা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আত্মহত্যার আগে নানা কারণে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন অমিত বাবু। ওই কারণ গুলোর মধ্যে একটি মহিলা সম্পর্কিত বিষয়ও রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও দলে প্রার্থী হতে না পারার কারণের কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে। ২৪ মার্চ সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের বারান্দায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অমিত সরকারের দেহ। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। ওই দিন বিজেপি কর্মীরা গোটা দিনহাটা শহর ও সংলগ্ন এলাকায় ব্যাপক ভাবে ভাঙচুর চালায়। তৃণমূল কংগ্রেসের মোট ৭ টি দলীয় কার্যালয় ভেঙ্গে দেয়। ভেটাগুড়িতে এক তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি লুটপাট করে বলে অভিযোগ।
উত্তেজনা এতটাই মারাত্মক আকার নেয় যে এক সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের কার্যত খণ্ড যুদ্ধ বেধে যায়। পুলিশ লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। রাজ্য রাজনীতিতে ওই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। প্রকাশ্যে আসে অমিত সরকারের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট, যেখানে তাঁর আত্মহত্যা করার কারণ হিসেবে এক মহিলা বিজেপি নেত্রী সহ তিন বিজেপি নেতার নাম উল্লেখ করা ছিল।
শুধু তাই নয়, পোস্টমর্টেম রিপোর্টেও আত্মহত্যার কারণ উঠে আসে। নির্বাচন কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষককে কোচবিহারে পাঠিয়ে ওই ঘটনার তদন্ত করায়। শেষ পর্যন্ত সেখানেও অমিত সরকার আত্মহত্যাই করেছেন বলে রিপোর্ট জমা পরায় দিনহাটায় একদিকে যেমন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কার্যত ক্লিনচিট পেয়ে গেলেন, তেমনি বিজেপি ব্যাকফুটে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post a Comment