রঙ মাখানোর নামে এক গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ
দি নিউজ লায়ন; রঙ মাখানোর নামে এক গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ উঠলো হরিশ্চন্দ্রপুরের এক ভাজপা নেতার বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনায় ওই গৃহবধূ হরিশ্চন্দ্রপুর থানায় সংশ্লিষ্ট বিধানসভার বিজেপির যুব মোর্চার কো-কনভেনর সঞ্জয় দাস সহ দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতে এক সঙ্গীকে নিয়ে বাড়িতে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ দায়ের করেন।
এমনকি অভিযোগ জানানোয় তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগ জানা গিয়েছে, সোমবার দোলের দিন সন্ধ্যা ছটা নাগাদ সঞ্জয় দাস ও তার এক সঙ্গী ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে দাবি ওই মহিলার। সেই সময় তারা দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। বাড়িতে এসে তারা জোর করে গায়ে রং লাগায় বলে অভিযোগ।
এবং শুধু তাই নয়, তারা মহিলার পরনের কাপড় ধরেও টানাটানি এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তিনি ভয় পেয়ে চিৎকার শুরু করলে অভিযুক্তেরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর চিৎকারের আওয়াজে লোক জড়ো হওয়ার উপক্রম হলে বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেতাকে আটক করে পুলিশ।
তার পর থেকেই হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী মতিউর রহমান তার দলবল নিয়ে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলার পরিবার। প্রশাসনের কাছে অভিযুক্তদের শাস্তির আবেদন করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Post a Comment