দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা
দি নিউজ লায়নঃ ভারতে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা। মহারাষ্ট্র রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেলো ১৬ হাজার। যা দেশে এই বছরে সর্বোচ্চ। মহারাষ্ট্রের মুম্বইতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজারের কাছাকাছি মানুষ। তবে সবথেকে ভয়ের বিষয় হলো, করোনার বেশ কিছু নতুন রূপের সন্ধান পাওয়া গিয়েছে বিভিন্ন শহরে। ইতিপূর্বে তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি ও গুজরাত রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত কয়েক সপ্তাহে ফের ওই রাজ্যগুলিতে বাড়তে শুরু করে দিয়েছে করোনার সংক্রমণ।
এছাড়াও করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে পাঞ্জাব, হরিয়ানা, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে। মূলত এই রাজ্যগুলিতেই করোনার দৈনিক সংক্রমণ বর্তমানে ৯০ শতাংশ। পশ্চিমবঙ্গ রাজ্যে একটা সময় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ জনের নীচে নেমে এলেও এখন তা বেড়ে হয়েছে ২৫০ জনের উপর। করোনার দৈনিক সংক্রমণ আটকাতে বেশ কিছু রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করে দিয়েছে।
মহারাষ্ট্রের মুম্বই, নাগপুর সহ বেশ কিছু জায়গায় ফের লকডাউন ঘোষণা করার চিন্তাভাবনা শুরু করেছে মহারাষ্ট্র সরকার। স্কুল কলেজও বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন মানুষ। দেশজুড়ে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯ জন। এছাড়া দেশে করোনা সংক্রমণের জেরে দৈনিক মৃত্যু যেখানে ১০০ জনের নীচে নেমে এসেছিলো এখন তা বেড়ে হয়েছে ১৫০ জনের উপর।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৮ জনের। দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও রোজ বাড়ছে। ইতিমধ্যে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ। এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে সারা দেশে।

Post a Comment