আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
দি নিউজ লায়নঃ দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। মহারাষ্ট্র নিয়ে তো মাথাব্যথা আছেই। দক্ষিণের রাজ্যগুলোতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ এই ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর।
গত শনিবার ২৬ হাজারের গণ্ডি অতিক্রম করে দৈনিক আক্রান্তের সংখ্যা; যা ১৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ। রবিবার এ সংখ্যা ছিল ২৪ হাজার ৪৩৪। তবে রবিবার সাধারণত টেস্টের সংখ্যা কম থাকে। তাই স্বাভাবিকভাবেই এদিন শনাক্তের সংখ্যাও কম থাকে।
টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক। বুধবার দুপুরে এই ভার্চুয়াল বৈঠকে চলমান টিকাদান কর্মসূচি নিয়েও আলোচনার কথা রয়েছে বলে জানা গেছে। আজ এই বৈঠকে স্বভাবতই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এছাড়া টিকাদান প্রক্রিয়া নিয়ে সরকারের পরবর্তী কৌশল কি হবে, সেটা নিয়েও কথা হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম যাতে সবাই মেনে চলে, সেজন্য সব রাজ্যকে পুনরায় সতর্ক করবেন মোদি।

Post a Comment