তৃণমূলের বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। মৃতের পরিবারের লোকজন বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরে। মৃতের নাম গৌতম ঘোষ(৪৮)। বাড়ি জামালপুরের বসন্ত বাটি গ্রামে। জামালপুরের প্রাক্তন বিধায়ক ও জেলাপরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক জানিয়েছেন, “গৌতম ঘোষ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিল। বিজেপির লোকজন হুমকি দিয়েছিল। তারপরই বুধবার ঝলন্ত দেহ উদ্ধার হয়।
গৌতম ঘোষকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।“ মৃতের ছেলের অভিযোগ এলাকার বিজেপি কর্মীরা তার বাবাকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। বুধবার সকালে পাশের গ্রাম বসন্তবাটির মসজিদতলার কাছে একটি আমগাছের ডালে গৌতম ঘোষের দেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ এলাকার চারজন বিজেপি কর্মী গৌতম ঘোষকে হুমকি দিয়েছিল। বিজেপি কর্মীরাই গৌতম ঘোষকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে।
মৃতের ছেলে আকাশ ঘোষ জানান, “রাত ১১টার সময় মোবাইলে একটা ফোন আসে। তারপর বাবা বাইরে বেরিয়ে যায়। বাড়ি না ফেরায় রাতভর এলাকায় খোঁজাখুজি করা হয়। কিন্তু কোথাও খোঁজ মেলে নি। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা খবর দেয়।“ অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবীতে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ উদ্ধারকে বাধা দেয় পুলিশকে। মেমারি তারকেশ্বর রোডে টায়ার ও খড় জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদিও বিজেপির বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা জানান, “এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃনমূল কংগ্রেসের অন্তরঘাতে এই ঘটনা”। এখনও কোনো অভিযোগ হয় নি।

Post a Comment