বিজেপি ছেড়ে বাঁকুড়ায় তৃনমূলে যোগ দিলেন জেলা যুব মোর্চা নেতার বুদ্ধদেব পাল - The News Lion

বিজেপি ছেড়ে বাঁকুড়ায় তৃনমূলে যোগ দিলেন জেলা যুব মোর্চা নেতার বুদ্ধদেব পাল

 


দি নিউজ লায়নঃ     বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা নেতা বুদ্ধদেব পাল। শুক্রবার পাত্রসায়ের ব্লকের বালসীতে একটি দলীয় অনুষ্ঠানে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। বুদ্ধদেব পাল ছাড়াও এদিন তাঁর হাত ধরে তৃনমূলে যোগ দেন প্রায় ২০০ বিজেপি কর্মী সমর্থক। 


বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বুদ্ধদেব পাল গোড়া থেকেই তৃনমূলের সক্রিয় কর্মী ছিলেন। ২০১৩ র গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের টিকিটে জিতে বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হন তিনি। পরে ২০১৯ সালে সৌমিত্র খাঁ তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে বুদ্ধদেব পাল বিজেপি তে চলে যান। দক্ষ সংগঠক বুদ্ধদেব পাল বিজেপি যুব মোর্চার জেলা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পান। কিন্তু দিন কয়েক আগেই তাঁকে নিজের এলাকাতে আক্রান্ত হতে হয়। সে সময় বুদ্ধদেব পাল দাবি করেন সিপিএম থেকে  দলে যোগ দেওয়া নব্য বিজেপি কর্মীদের সাথে মনোমালিন্যের জেরেই তাঁকে আক্রান্ত হতে হয়েছে। 


আদি ও নব্য বিজেপির এই দ্বন্দে দিশেহারা হয়ে শেষমেষ নিজের পুরানো দল তৃনমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন বুদ্ধদেব পাল। এরপর আজ তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বুদ্ধদেব পাল সহ তাঁর ২০০ জন অনুগামীর হাতে তৃনমূলের পতাকা তুলে দেন। তৃনমূলে যোগ দেওয়ার পর বুদ্ধদেব পাল বলেন, সৌমিত্র খাঁ র হাত ধরেই একদিন তৃনমূল ছেড়ে বিজেপি তে গিয়েছিলাম।


 সেই সৌমিত্র খাঁর নব্য অনুগামীদের হাতেই আমাকে জঘন্য ভাবে আক্রান্ত হতে হল। স্বাভাবিক ভাবেই বিজেপি তে আমার পক্ষে আর থাকা সম্ভব ছিল না। তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বুদ্ধদেব পালকে একদিন ভূল বুঝিয়ে বিজেপি তে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা । আজ তিনি নিজের ভূল বুঝতে পেরে তৃনমূলে ফিরলেন। তাঁর সাথে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন আরো ২০০ জন নেতা কর্মী। এরফলে বালসী ২ নম্বর অঞ্চলে আমাদের সংগঠন আরো শক্তিশালী হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.