যুবতীর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়নঃ যুবতীর উপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতের নাম ধ্রুবরাজ মুর্মু। জামালপুর থানার মহিন্দর গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে পাশের সাহাপুর গ্রামে পুজো দেখতে যান এলাকার ওই যুবতীর বাবা। রাত দেড়টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। এসে দেখেন, ধ্রুবরাজ সহ তিনজন টয়লেটে গামছা দিয়ে মেয়ের গলায় ফাঁস দিয়ে ধরে আছে।
মেয়ের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। মেয়েকে অ্যাসিড জাতীয় কিছু দিয়ে জখম করা হয়েছে। অজ্ঞান অবস্থায় মেয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি সিভিক ভলান্টিয়ারকে জানান। এরপর মেয়েকে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে যুবতীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার রাতে হুগলির তালাণ্ডু থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনায় জড়িত বাকিদের হদিশ পেতে এবং অ্যাসিড উদ্ধারের জন্য ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগেও যুবতীর উপর অ্যাসিড হামলা হয়। তাঁর উপর পাশবিক নির্যাতনও চালানো হয়। কিন্তু, থানা কোনও ব্যবস্থা নেয়নি বলে যুবতীর বাবার অভিযোগ। যদিও পুলিস জানিয়েছে, অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্ত রিপোর্টও আদালতে পেশ করেছে পুলিস।

Post a Comment